Kabir Suman কবীর সুমন: সময়টাকে কামড়ে ধরো

সময়টাকে কামড়ে ধরো
সময়টাকে কামড়ে ধরো
বাঘ যেভাবে শিকার ধরে
দুঃসময়ের অসুখ দ্যাখো
পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে।

বিজ্ঞাপনের ছেনালপনা
অসুখ বেচে লোভ দেখিয়ে
অসুখ-বিসুখ কারবারীরা
দেখছে তোমায় ঘাড় বেঁকিয়ে।

তাদের ঘাড়ে কামড় বসাও
বাঘ যেভাবে কামড়ে ধরে
দুঃসময়ের ফেরিওলা
পৌঁছে গেছে ঘরে ঘরে।

বুর্জ়োয়া বা অমুক তমুক
বল্লে কে আর পাত্তা দিচ্ছে
দুঃসময়ের ফাট্কাখেলায়
সব সেয়ানাই হিসেব নিচ্ছে।

সেয়ানা এই সময়টাকে
বাঘের মতো থাবা মারো
বাঘবাহাদুর সেজেও তুমি
কাগুজে বাঘ মারতে পারো।

কাগুজে দিন কাগুজে রাত
খবরকাগজ শাঁখের করাত
আসতে যেতে কাটছে মাথা
কারুর কারুর খুলছে বরাত।

খবরদারির ব্যবসা এখন
কাগজ টিভি ঘরে ঘরে
ব্যবসাটাকে কামড়ে ধরো
বাঘ যেভাবে শিকার ধরে।

তোমার জন্য আমার জন্য
চিন্তা ক’রে ধন্য যারা
তাদের গুপ্ত পকেটগুলো
ধনধান্যে পুষ্পে ভরা।

আমাদের এই বসুন্ধরা
কাদের মালিকানায় রাখা
সদর অফিস কোথায় তাদের
কোথায় তারা খুলছে শাখা।

তোমার আমার মাথায় পেটে
তাদের শাখা ব্যবসা করে
কামড়ে ধরো ব্যবসাটাকে
বাঘ যেভাবে শিকার ধরে

সময়টাকে কামড়ে ধরো
বাঘ যেভাবে শিকার ধরে
দুঃসময়ের ফেরিওলা
পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে।

In this note

No one.